রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোখলেছার ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর গর্ভবতী মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গতকাল শনিবার ওই কমিটি গঠন করেন। এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় গিয়ে সেন্টারটি বন্ধ পাওয়া যায়।
প্রথম আলোর বিশাল বাংলায় গতকাল ‘অস্ত্রোপচারের পর মা ও দুই নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) সৈয়দা শাহনাজ নাসরুল্লাহকে। কমিটির অন্য সদস্য হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ দৌলা, নার্সিং সুপারভাইজার সাজেদা বেগম, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও সহস্বাস্থ্য পরিদর্শক আবদুল মান্নান।
তদন্ত কমিটির সদস্যরা গতকাল দুপুরে ওই সেন্টারে গিয়ে অস্ত্রোপচার করা এক রোগীকে ভর্তি অবস্থায় দেখতে পান। তাঁর নাম রাজিয়া সুলতানা। বাড়ি দক্ষিণ রামনাথপুর সর্দারপাড়া গ্রামে। তদন্ত কমিটির সদস্যরা অস্ত্রোপচার-সংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখতে পান, রাজিয়াকে অবেদনবিদ হিসেবে অবশ ও একই সঙ্গে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক আর এইচ নেওয়াজ।
সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ বলেন, সেখানে অস্ত্রোপচার করার পরিবেশ নেই। নেই কোনো চিকিৎসক, নার্স ও অবেদনবিদ। এমনকি অক্সিজেন সিলিন্ডারও নেই। তবে অস্ত্রোপচারের কিছু সরঞ্জামাদি আছে। তা-ও যথেষ্ট নয়। ক্লিনিক পরিচালনার কোনো অনুমোদন নেই। ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, গত শুক্রবার সেখানে ওই গর্ভবতী নারীর অস্ত্রোপচার করেছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারির চিকিৎসক আর এইচ নেওয়াজ। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্রে জানা যায়, আর এইচ নেওয়াজ ওই কলেজের শিশু বিভাগের সার্জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘সিভিল সার্জনের নির্দেশে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে। ইতিমধ্যে ওই সেন্টার মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছি। আজ রোববার তদন্ত প্রতিবেদন সিভিল সার্জন বরাবরে দাখিল করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গতকাল সন্ধ্যায় ওই সেন্টারে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। ওই সেন্টারের মালিক হাফিজার রহমান বলেন, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ক্লিনিকের কার্যক্রম চালানো ঠিক হয়নি।
বদরগঞ্জ পৌর শহরের জামুবাড়ি সরদারপাড়া গ্রামের আট মাসের অন্তঃসত্ত্বা মাজেদা বেগমের (৩৪) পেটে ব্যথা শুরু হলে তাঁকে ওই এলাকার এক নারী গত শুক্রবার ওই সেন্টারে ভর্তি করেন। এরপর সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি সন্তানের জন্ম দেন তিনি। দুপুর দেড়টার দিকে মা ও নবজাতক দুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।