ডায়াগনস্টিক সেন্টারের চারজনের জেল-জরিমানা
রাজধানীর ফকিরাপুল ও নয়াপল্টনে গতকাল বুধবার র্যা বের ভ্রাম্যমাণ আদালত পাঁচটি রোগনির্ণয় কেন্দ্রে অভিযান চালিয়ে রোগনির্ণয়ের ভুয়া কাগজপত্র তৈরি করায় চারজনকে জেল-জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন (৪৫), কায়েম সরকার (৩০), মো. নুর আলম (৩০) ও এমদাদুল হক (৩৯)।
র্যা ব সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত নয়াপল্টন ও ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে পর্যায়ক্রমে পাঁচটি রোগনির্ণয় কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান, রোগনির্ণয় কেন্দ্রগুলোতে ভুয়া চিকিৎসক ও টেকনোলজিস্টের সিল ও নাম ব্যবহার করে রক্ত পরীক্ষার প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে আদালত নয়াপল্টনে সালভা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ডিআইটি এক্সটেনশন রোডের হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এরপর আদালত ডিআইটি এক্সটেনশন রোডের মা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক মো. আলী হোসেনকে এক বছর তিন মাস কারাদণ্ড এবং কায়েম সরকারকে নয় মাস কারাদণ্ড দেন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত একই এলাকার ফেইথ ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মো. নুর আলম ও এমদাদুল হককে এক বছর করে কারাদণ্ড দেন। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া ইউরো-এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অবৈধ রোগনির্ণয় কেন্দ্রগুলো থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।