ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ফায়েজ বেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন বরিশালের তরুণ ফায়েজুদ্দিন বেলাল
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ১১ জুন এক অনুষ্ঠানে ফায়েজুদ্দিন বেলালের (ফায়েজ বেলাল) বক্তব্য শোনার সুযোগ হয়েছিল। বক্তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন। তবে কথায় ধার ছিল। মঞ্চের সামনে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে যা বলছিলেন, তা হুবহু তুলে ধরতে না পারলেও সারকথা মনে আছে। বলছিলেন, ‘খোলা জায়গায় অনেকের দৃষ্টির সামনে গোসল করছেন, এটা ভাবতে আপনার কেমন লাগে? আমি নিজেকে ওই জায়গায় কল্পনাও করতে পারি না। সেটা যদি একজন মেয়ের সঙ্গে ঘটে তাহলে মেয়েটির কেমন লাগে, ভাবলেও আমার গা শিউরে ওঠে। আর এমন ঘটনা প্রতিদিন ঘটে চলেছে ওই বস্তিতে।’

২৫ বছর বয়সী ফায়েজ বেলাল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘নিরাপদ গোসলখানা সবার জন্য সবখানে’ কার্যক্রমে যুক্ত ছিলেন। বস্তির মেয়েদের নিরাপদ গোসলখানার প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার ও সমীক্ষা পরিচালনায় সহায়তা করে তাঁর প্রতিষ্ঠিত যুব সংগঠন বাংলাদেশ ইয়ুথ সোসাইটি (বিওয়াইএস)। ওই অনুষ্ঠানে প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে উন্মুক্ত গোসলখানার কারণে বস্তির ৭২ শতাংশ মেয়ে ভীত থাকে বলে উল্লেখ করা হয়েছিল।

ফায়েজের আহ্বান ছিল, নিম্ন আয়ের এলাকার মেয়েদের ভোগান্তির বিষয়গুলো উপলব্ধি করতে হবে এবং নিরাপদ গোসলখানার প্রয়োজনীয়তা নিয়ে আওয়াজ তুলতে হবে।

বর্তমানে বরিশাল, ঢাকা ও রংপুর বিভাগের ১২টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে ফায়েজুদ্দিন বেলালের প্রতিষ্ঠান বিওয়াইএস
ছবি: সংগৃহীত

সেই তরুণ ফায়েজ বেলাল সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত উদ্যোগ বিওয়াইএসের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখা, নারী–পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে ‘চেঞ্জার’ ক্যাটাগরিতে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ডায়ানা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করে।

সামাজিক উদ্যোগ ও মানবাধিকার ইস্যুতে কাজ করা ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের কাজের স্বীকৃতি দিতে ১৯৯৯ সালে ডায়ানা অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়। প্রিন্সেস ডায়ানার নামে তাঁর দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের পক্ষে এ পুরস্কারটি প্রবর্তন করেন। এবার তিনটি ক্যাটাগরিতে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৩৫ জনকে ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়েছে।

সম্মানজনক এই পুরস্কার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন ফায়েজুদ্দিন বেলাল
ছবি: সংগৃহীত

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফায়েজ বেলাল প্রথম আলোকে বলেন, ‘বরিশালের এক স্থানীয় বেসরকারি সংস্থা বৈশ্বিক প্ল্যাটফর্মে পুরস্কার পেয়েছে—এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বরিশালে বড় হয়েছি। সাধারণ সাদামাটা শিক্ষাজীবন আমার। এত বড় স্বীকৃতি পেয়ে আমি অভিভূত।’ এই স্বীকৃতি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও কিশোরীদের নেতৃত্ব বিকাশে আরও কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন তিনি।

ফায়েজ জানান, আট বছর আগে উচ্চমাধ্যমিকে পড়ার সময় বরিশালে গড়ে তোলেন বিওয়াইএস। তিনি এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। বিওয়াইএস এখন বরিশাল, ঢাকা ও রংপুর বিভাগের ১২টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। অভয়, গার্লস সামিট, স্বপ্নজয়, সম্পর্কে ভালো থাকুক দেশ, শি ইজ দ্য ফার্স্ট, আমি থেকে আমরা, ইয়ুথ ফেস্ট, বরিশাল লুকসহ নানা উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করে আসছে ফায়েজ বেলালের প্রতিষ্ঠিত এই উদ্যোগ। আট বছরে বিওয়াইএসের নানা কার্যক্রমের অংশ হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

বরিশালের অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা সেলিম সিকদার ও সৈয়দা ফজিলাতুন্নেছা দম্পতির তিন ছেলে–মেয়ের মধ্যে দ্বিতীয় ফায়েজ। তিনি রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়াশোনা করেছেন।

ফায়েজ তাঁর এ অর্জন উৎসর্গ করছেন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মধ্যে পড়া এলাকার হাজার হাজার নারী ও কিশোরীকে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ২০ লাখ নারী ও কিশোরীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠান।