ডায়াবেটিক সমিতির বক্তব্য ও প্রতিবেদকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে ৭ নভেম্বর ‘মিথ্যা পরিচয় দিয়ে কিডনি প্রতিস্থাপন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে লিখিত বক্তব্য দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। গতকাল রোববার পাঠানো বক্তব্যে সমিতি বলেছে, হাসপাতালের লোকদের মাধ্যমে কিডনিদাতার সঙ্গে কিডনিগ্রহীতা ও তাঁর স্বজনদের পরিচয় হওয়ার বিষয়টি তথ্যভিত্তিক নয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনউদ্দীন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আ. হাই, মহিলা সদস্য হাফিজা আক্তারের প্রত্যয়নপত্র, পাকুন্দিয়া থানার ওসির প্রতিবেদন, কিডনিদাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র এবং কিশোরগঞ্জের নোটারি পাবলিকের হলফনামা—এসব কাগজপত্রের ভিত্তিতে সমিতির কাছে প্রতীয়মান হয়েছে যে কিডনিদাতা ও গ্রহীতা সহোদর। কমিটি পাকুন্দিয়া থানায় যোগাযোগ করলে থানা থেকে প্রত্যয়নপত্রের সত্যতা নিশ্চিত করা হয়।
প্রতিবেদকের ভাষ্য: ওই কিডনিদাতা, তাঁর মা ও বাবা এবং কিডনিগ্রহীতার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে প্রতিবেদন লেখা হয়েছে। কিডনিদাতার মা এ ব্যাপারে রমনা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।