ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন
নীলফামারীতে গতকাল শুক্রবার ৩০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শহরের ডাকবাংলো সড়কের পাশে চার কোটি আট লাখ টাকা ব্যয়ে ৩০ শয্যার এ হাসপাতাল গতকাল বেলা ১১টায় উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি পরবর্তী সময়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজে রূপান্তরিত করার ব্যাপারে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তাদের আশাবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ আশ্বাস দেন।মন্ত্রী বলেন, এখানে একটি বিশেষায়িত হাসপাতাল হলে নীলফামারী জেলার পাশাপাশি উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষ উপকৃত হবে। জেলার রেল, সড়ক ও বিমান যোগাযোগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন, জেলা প্রশাসক জিল্লুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ প্রমুখ।আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা সবার সহযোগিতায় ৩০ শয্যার হাসপাতাল করতে পেরেছি। ভবিষ্যতে ১০০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল কলেজ করার ব্যাপারে কাজ করে যাচ্ছি।’ হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল কবির জানান, এখানে ডায়াবেটিসের রোগী ছাড়াও অন্য রোগীদের উন্নত চিকিৎসা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে।