ডায়াবেটিস প্রতিরোধে এক টাকায় লাভ তিন টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধে খরচ করলে আর্থিক ক্ষতি নেই। রোগের প্রকোপ এবং এর পেছনে ব্যয় বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক দেখেছেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে কাজে লাগিয়ে ডায়াবেটিস প্রতিরোধে যদি এক টাকা বিনিয়োগ করা হয়, তবে তা তিন গুণ সুবিধা বা লাভ হয়ে ফিরে আসবে।

আজ সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে শুরু হওয়া বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রাধিকার চিহ্নিত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় রুমানা হক তাঁর বিশ্লেষণের ফলাফল উপস্থাপন করেন। বেসরকারি সংস্থা ব্র্যাক এবং ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান কোপেনহেগেন কনসেনসাস সেন্টার তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় রুমানা হক তাঁর উপস্থাপনায় দেখিয়েছেন, ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসায় একজন মানুষের পেছনে খরচ হবে ১ হাজার ৬৩ মার্কিন ডলার। কিন্তু সঠিক চিকিৎসা পেলে ওই ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ১৯০ ডলারের সেবা বা সুবিধা পাওয়া যাবে।
উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অগ্রাধিকার কী হওয়া উচিত—তা চিহ্নিত করতে বিভিন্ন খাতে বিনিয়োগ ও তা থেকে লাভ নিয়ে গবেষণা করেছে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার ও ব্র্যাক। রুমানা হকের গবেষণা তারই অংশ। গবেষণার ফলাফল কর্মশালায় চারজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত প্যানেলের সামনে উপস্থাপন করা হয়। প্যানেলের সদস্যরা হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ফিন কিডল্যান্ড, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ এবং ব্র্যাকের ভাইস চেয়ার মোশতাক রাজা চৌধুরী। এ ছাড়া দেশি বিদেশি বিশেষজ্ঞরা কর্মশালায় অংশ নিচ্ছেন। আগামী বুধবার কর্মশালা শেষ হবে।
রুমানা হক প্রথম আলোকে বলেন, ডায়াবেটিস দীর্ঘস্থায়ী রোগ, অথচ সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মানুষ কর্মক্ষমতা হারায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে যে কর্মক্ষমতা পাওয়া যায়, সেটাই লাভ। চিকিৎসায় বিনিয়োগ করলে এই লাভটা পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লাভ-লোকসানের এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অনেকে মনে করেন, রোগের পেছনে খরচ করলে শুধু খরচই হয়, লাভ হয় না।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ২০১৫ সালের হিসাব বলছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৭০ লাখ মানুষ। এর মধ্যে ৩৪ লাখ মানুষের রোগ পরীক্ষায় শনাক্ত হয়েছে। রুমানা হক বিশ্লেষণে ২৫ বছর বা তার বেশি বয়সী মানুষকে স্ক্রিনিং করা ও শনাক্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার কথা বলেছেন। এ ক্ষেত্রে অবকাঠামো হিসেবে কমিউনিটি ক্লিনিক ব্যবহার করার প্রস্তাব করেছেন তিনি।
রুমানা হক প্রথম আলোকে বলেন, সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু আছে। এখানে যাঁরা কাজ করছেন, তাঁদের ডায়াবেটিস নির্ণয় করার প্রশিক্ষণ দেওয়া আছে। এই অবকাঠামোকে কাজে লাগিয়েই সারা দেশে স্ক্রিনিং করা যাবে। রোগ ধরা পড়লে চিকিৎসার জন্য উপজেলা বা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা যায়। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক মানুষকে এ বিষয়ে সচেতন করবে। তাঁর বিশ্লেষণে রোগ যাচাই, মানুষকে সচেতন করা ও চিকিৎসা খাতে ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথম দিন কর্মশালায় স্বাস্থ্য ছাড়াও পরিবেশ, শিল্পনীতি, যাতায়াত অবকাঠামো, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। কাল দ্বিতীয় দিনে কর্মশালায় জ্বালানি অবকাঠামো, খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কৃষি, জেন্ডার, অভিবাসন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার কথা।