ডায়াবেটিসে আক্রান্ত ২৮ শতাংশ ব্যক্তিই চোখের অসুখে ভুগছেন
দেশে ডায়াবেটিসে আক্রান্ত ২৮ শতাংশ ব্যক্তিই চোখের রেটিনা-সংক্রান্ত সমস্যায় ভুগছেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামের এই রোগে একজন রোগী ক্রমেই অন্ধ হয়ে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে আইসিডিডিআরবির একটি গবেষণার ফলাফলে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ও বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তর যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে।
৪৫০ জন ডায়াবেটিক রোগীর ওপর গবেষণা করে পাওয়া যায় যে তাঁদের মধ্যে ২৮ শতাংশ অসংক্রামক ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে আক্রান্ত। দুই মাসব্যাপী এই গবেষণাটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালনা করা হয়।
আইসিডিডিআরবির গবেষক আলিয়া নাহিদ গবেষণাটি উপস্থাপন করেন। তিনি বলেন, এই হাসপাতালগুলোতে সেবা নিতে আসা প্রতি চারজন ডায়াবেটিক রোগীর একজন চোখের রেটিনা-সংক্রান্ত এই জটিল রোগে আক্রান্ত। তাঁদের ৯১ দশমিক ৪ শতাংশ রোগী জানেনই না যে তাঁরা এ রোগে আক্রান্ত। তিনি আরও বলেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে চোখের ভেতরে অবস্থিত রেটিনা ধীরে ধীরে নষ্ট হয়, পরিণামে অন্ধত্ব আসে। এই রোগের কোনো উপসর্গ থাকে না বলে আক্রান্ত ব্যক্তিরা অনেকেই প্রাথমিকভাবে বুঝতে পারেন না। চোখের গুরুতর রক্তক্ষরণ শুরু হলে এ রোগ ধরা পড়ে। যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, তাঁদের এ রোগ হওয়ার আশঙ্কা বেশি। এই রোগের কোনো প্রতিকারও নেই।
সেমিনারে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক দীপক কুমার নাগ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত চোখ পরীক্ষার পরামর্শ দেন। তিনি বলেন, নিয়মিত চোখ পরীক্ষা করলে ও আধুনিক সেবা নিলে দীর্ঘমেয়াদি বা মারাত্মক ক্ষতির হাত থেকে চোখ রক্ষা করা সম্ভব।