ডায়াবেটিসের রোগীদের যক্ষ্মার ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ব্যবসায়ী দৌলত খাঁর ডায়াবেটিস শনাক্ত হয়েছে পাঁচ বছর আগে। গত কয়েক মাস তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। বড়ি খেয়ে এবং পরে ইনসুলিন ব্যবহার করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসায় তাঁকে থুতু পরীক্ষার পরামর্শ দেন স্থানীয় ডায়াবেটিক সমিতির চিকিৎসকেরা। রাজধানীর বারডেম হাসপাতালে গত ২৯ মার্চ থুতু পরীক্ষা করতে দেন তিনি। ৪ এপ্রিল মুঠোফোনে হাসপাতাল থেকে জানানো হয়, দৌলত খাঁ যক্ষ্মায় আক্রান্ত।

দৌলত খাঁ যুগপৎ ডায়াবেটিস ও যক্ষ্মার রোগী। গত মঙ্গলবার তাঁর সঙ্গে বারডেম হাসপাতালে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন, সেভাবেই চলতে হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডায়াবেটিস যক্ষ্মার ঝুঁকি তিন গুণ বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীদের মধ্যে যক্ষ্মার প্রকোপ বেশি। ডায়াবেটিস যক্ষ্মার চিকিৎসাকে অকার্যকর করতে পারে। আবার যক্ষ্মা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি যুগপৎ ডায়াবেটিস ও যক্ষ্মায় আক্রান্ত, তার চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা অত্যন্ত যত্নসহকারে হওয়া দরকার।

কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, যত্নসহকারে ব্যবস্থাপনা তো দূরের কথা, এ ব্যাপারে কারও দৃষ্টি নেই। দেশে দৌলত খাঁর মতো কত রোগী আছে, তার আনুমানিক হিসাবও সরকারের কোনো দপ্তরে নেই। সরকার অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস চিকিৎসাসহ কিছু সেবা দেয়। এই কর্মসূচির লাইন ডিরেক্টর মো. ফারুক আহমেদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কত মানুষ একই সঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিসে আক্রান্ত, তার হিসাব আমরা দিতে পারব না।’ এ ব্যাপারে তিনি বেসরকারি বারডেম হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন।

দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে স্বাধীনতার আগে থেকে। বর্তমানে ব্র্যাকের নেতৃত্বে ৪২টি বেসরকারি সংস্থা (এনজিও) সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির লাইন ডিরেক্টর কামরুল ইসলামও বারডেম হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন। একই পরামর্শ দেন ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তাও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ৩৫ বছরে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে চার গুণ। ১৯৮০ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১০ কোটি ৮০ লাখ। ২০১৪ সালে বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ২০ লাখে। আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস সামনে রেখে ডায়াবেটিস নিয়ে এই বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদন বলছে, ২০১২ সালে ১৫ লাখ মানুষের মৃত্যুর পেছনে সরাসরি কারণ ছিল ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি চিকিৎসাব্যবস্থার ওপর চাপ পড়ে। এ রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তন, ঘাম ঝরানোর প্রচেষ্টা ও শারীরিক পরিশ্রম বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

২০১৩ সাল থেকে বারডেম হাসপাতাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় ডায়াবেটিস ও যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা ও সমন্বিত চিকিৎসা দেওয়ার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের ব্যবস্থাপক ও বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, ডায়াবেটিস ও যক্ষ্মায় আক্রান্ত প্রায় দুই হাজার রোগী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আওতাধীন বিভিন্ন হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে। দেশে এ রকম রোগীর সংখ্যা আনুমানিক ৩৫ হাজার।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সারা দেশের যক্ষ্মা রোগীর হিসাব পাওয়া যায়। কর্মসূচিতে যক্ষ্মা ও এইচআইভি বিষয়ে পৃথক কর্মকাণ্ড আছে। অথচ এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি মাত্র ১০০ জন। নাম প্রকাশে অনিচ্ছুক যক্ষ্মা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আন্তর্জাতিক অর্থে বহু বছর ধরে জাতীয় কর্মসূচি চলছে। অথচ এই যুগপৎ সংক্রমণের বিষয়টি বছরের পর বছর এড়িয়ে যাওয়া হয়েছে। বিষয়টিতে এখনই নজর দেওয়া দরকার।

জোড়া বিপদ: ইন্টারন্যাশনাল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশে প্রায় ৭১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত (গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রায় ৮০ লাখ)। যারা আক্রান্ত, তাদের অর্ধেকে জানে না যে তারা এই রোগে আক্রান্ত। অন্যদিকে যারা জানে, তাদের অনেকে চিকিৎসা নেয় না। আর যারা চিকিৎসা নেয়, তাদের অনেকেই সঠিক চিকিৎসা নেয় না বা নিতে পারে না।

ডায়াবেটিসের বিশেষজ্ঞ চিকিৎসক ও বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান প্রথম আলোকে বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। সে কারণে তার যক্ষ্মার জীবাণুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। দুটিই ক্ষয়রোগ। ওই ব্যক্তির ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে যক্ষ্মার ওষুধ তার শরীরে ঠিকমতো কাজ করে না। আবার যক্ষ্মার ওষুধ কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। প্রখর নজরদারিতে এসব রোগীর চিকিৎসা করতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মার প্রকোপ বেশি এমন ২২টি দেশের একটি তালিকা করেছে। এই তালিকার ৭ নম্বরে আছে বাংলাদেশ।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক রাশেদুল হাসান বলেন, একই সঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়া সমস্যা হিসেবে খুবই বড়। সাধারণ যক্ষ্মা রোগীকে ছয় মাস ওষুধ সেবন করতে হয়। কিন্তু একই সঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে যক্ষ্মার ওষুধ ৯ মাস এমনকি ১২ মাস পর্যন্ত সেবন করতে হতে পারে।

সমন্বিত চিকিৎসা: এম দেলোয়ার হোসেন বলেন, দেশে ডায়াবেটিক সমিতির আওতাধীন ৯৫টি হাসপাতালে ডায়াবেটিস পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের যক্ষ্মার বিষয়টিও যাচাই করা হচ্ছে। গত তিন বছরে দেখা গেছে, সাধারণ মানুষের চেয়ে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই-তিন গুণ বেশি।

বারডেমের নেওয়া কর্মসূচির আওতায় ইতিমধ্যে প্রায় এক হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সঙ্গে নিয়ে রোগ ব্যবস্থাপনা ও চিকিৎসা পদ্ধতির নির্দেশিকাও তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে যক্ষ্মা ও ডায়াবেটিসের সমন্বিত চিকিৎসা শুরু হয়েছে এবং তা বিস্তৃত করার চেষ্টা চলছে।

তবে এখনো এই সমন্বিত সেবা প্রধানত শহরের রোগীরা পাচ্ছে। গ্রামের মানুষকেও এই সেবার আওতায় আনতে জাতীয় কর্মসূচিকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘সুশৃঙ্খল জীবন যাপন করুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি প্রায় ৮০ লাখ। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার, শোভাযাত্রা, স্বাস্থ্য পরীক্ষাসহ নানা কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান।