ডায়ালাইসিস সুবিধা জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি রোগে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের জন্য দেশে চিকিত্সার সুযোগ অত্যন্ত সীমিত। সরকারি হাসপাতালে তুলনামূলক কম খরচে এর চিকিত্সা হলেও বিপুলসংখ্যক মানুষ এ সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এ জন্য কিডনির ডায়ালাইসিস-সুবিধা পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব কথা বলেন। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস-সুবিধা সম্প্রসারণের জন্য চিকিত্সকদের পদায়ন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি চিকিত্সার আধুনিক পদ্ধতিগুলো অত্যন্ত ব্যয়বহুল। এ ব্যয় বহন করা দেশের খুব কম মানুষের পক্ষে সম্ভব। তাই যেসব কারণে কিডনি রোগ হয়, সেগুলো সম্পর্কে সচেতন করে এ রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কিডনির কোনো না কোনো রোগে আক্রান্ত। এ রোগীদের অধিকাংশের ক্ষেত্রে রোগের লক্ষণ প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না। যখন বোঝা যায়, তখন অনেক ক্ষেত্রেই তা প্রায় জটিল পর্যায়ে থাকে। তখন কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালাইসিস—যেকোনো একটি তাকে গ্রহণ করতে হয়। শতকরা ৭৫ ভাগ মানুষ কিডনি নষ্ট হওয়ার আগে বুঝতেই পারে না যে সে ঘাতক ব্যাধিতে আক্রান্ত।বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, জাতীয় অধ্যাপক এম আর খান, কিডনি রোগ বিশেষজ্ঞ হারুন আর রশিদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, কিডনি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফিরোজ খান প্রমুখ বক্তব্য দেন।কিডনি দিবসের আয়োজন: বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে। শোভাযাত্রাটি দোয়েল চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।