ডায়িং কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি ডায়িং কারখানাকে গতকাল মঙ্গলবার ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আরএস নিট কম্পোজিট লিমিটেড নামের ডায়িং কারখানাটি প্রায় সাত বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে ডায়িং করে আসছে। তা ছাড়া তাদের বর্জ্য পরিশোধনাগার নেই। ফলে কারখানা থেকে রাসায়নিকমিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য স্থানীয় কড্ডা খালের মাধ্যমে তুরাগ নদে নির্গমন হয়ে পানি দূষিত করছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটিকে জরিমানা করে তিন মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দিয়েছেন। এক বছর আগেও প্রতিষ্ঠানটিকে ইটিপি স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কারখানার মালিক তা মানেননি।শুনানিতে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আলী আশরাফ বলেন, তাঁরা কারখানার ইটিপির জন্য এলসি খুলেছেন এবং ইটিপি স্থাপনের জন্য আরও ছয় মাস সময় চান।