ডায়িং কারখানাকে ৩১ লাখ টাকা জরিমানা
তুরাগ নদ দূষণ করার অপরাধে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার একটি ডায়িং কারখানাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযানে গতকাল শনিবার ওই জরিমানা করা হয়। এভারওয়ে ইয়ার্ন ডায়িং নামের ওই কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্রবিহীন ওই কারখানা থেকে রাসায়নিক পদার্থমিশ্রিত নয় কোটি ৮০ লাখ লিটার অপরিশোধিত বর্জ্য তুরাগে মিশে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। কারখানাটির বর্জ্য পরিশোধনাগারটি সম্পূর্ণ অকার্যকর অবস্থায় পাওয়া যায়। ওই কারখানা থেকে নির্গত তরল বর্জ্য পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (্্এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী ওই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ওই কারখানায় বর্জ্য পরিশোধনাগারের ডিজাইন ত্রুটিপূর্ণ। কারখানার স্বত্বাধিকারী মনিরুজ্জামান বিষয়টি স্বীকার করেছেন।