ডায়িং কারখানার বর্জ্য জমিতে, শত একরে চাষাবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকার কনসেপ্ট নিটিং অ্যান্ড ডায়িং কারখানার নির্গত অপরিশোধিত তরল বর্জ্যের কারণে তিলারগাতী, মুদাফা ও গুটিয়ায় প্রায় শত একর ফসলি জমি চাষের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে ওই জমির মালিকেরা ক্ষতির মুখে পড়েছেন। বর্জ্যের কারণে বর্ষা মৌসুমে পানি থাকলেও কোনো প্রকার জলজ প্রাণী বা মাছের চাষ করতে পারছেন না জমির মালিকেরা। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মাসোহারা দিয়ে কর্তৃপক্ষ কারখানা পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।জমির মালিকেরা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাননি। স্থানীয় লোকজন ও কারখানা থেকে জানা গেছে, তিলারগাতী এলাকার ওই ডায়িং কারখানাটি তিন বছর ধরে ডায়িং কার্যক্রম চালাচ্ছে। নিয়ম অনুযায়ী ডায়িং কারখানার উৎপাদন শুরুর পর থেকেই বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন করতে হয়। কিন্তু ওই কারখানাটি ইটিপি ছাড়াই উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। কারখানায় প্রতিদিন প্রায় এক লাখ মিটার কাপড় ডায়িং হয়। এতে প্রতিদিন ১৫ লাখ লিটার অপরিশোধিত তরল বর্জ্য তৈরি হয়। সব অপরিশোধিত তরল বর্জ্য নালার মাধ্যমে কারখানার পশ্চিমে অবস্থিত ওই ফসলি জমিতে নির্গত হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমির উপরিভাগে বিষাক্ত রাসায়নিক পদার্থের পুরো আস্তরণ পড়েছে। কোনো মাটি দেখা যায় না। নীলাভ কালচে আস্তরণে জমির উপরিভাগ ঢাকা পড়েছে। তরল অপরিশোধিত বর্জ্যের কারণে জমি সম্পূর্ণ অনুর্বর হয়ে গেছে। দরিদ্র কৃষকেরা জানান, এ ব্যাপারে কারখানার মালিককে বলেও কোনো লাভ হয়নি। ওই কারখানার কারণে তিলারগাতী এলাকার কফিল উদ্দিন মিয়া, আফাজ উদ্দিন মিয়া, আতাউর রহমান, পরান আলী ও মুদাফা এলাকার ছামেদ আলী, আবুল হাসেমসহ অনেক কৃষক বর্তমানে চাষাবাদ ছেড়ে দিয়েছেন। তিলারগাতী এলাকার জমির মালিক মো. মনির উদ্দিন জানান, তাঁর তিন একর জমিতে প্রতিবছর ২৭০ মণ ধান হতো। কিন্তু ওই কারখানার কারণে তিন বছর ধরে এক কেজি ধানও হয় না। এতে তিনি বছরে প্রায় তিন লাখ টাকার ক্ষতির সমঞ্চুখীন হচ্ছেন। এ ব্যাপারে তিনিসহ এলাকার কয়েকজন মিলে কারখানার মালিককে অপরিশোধিত তরল বর্জ্য ফসলি জমিতে না ফেলতে অনুরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। জমির মালিক কফিল উদ্দিন জানান, তাঁরা এ বিষয়ে পৌরসভার সাবেক মেয়র মো. আজমত উল্লাহ খান ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) কামাল উদ্দিন তালুকদার বরাবর লিখিত অভিযোগ দেন। কিন্তু এতে কোনো লাভ হয়নি।এলাকাবাসীর অভিযোগ, মূলত আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন সুবিধাবাদী কর্মীর যোগসাজশে কারখানা কর্তৃপক্ষ ডায়িংয়ের কাজ চালাচ্ছে। বিএনপির কর্মী সোহেল মোল্লা, কনসেপ্ট শহীদ, আওয়ামী লীগের কর্মী হায়দার আলী, সৈয়দ খান, ওমেদ আলীসহ আরও কয়েকজন ওই কারখানা থেকে মাসোহারা নিয়ে থাকেন। তবে কনসেপ্ট শহীদ বলেন, ‘তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আমরা ওই কারখানা থেকে কোনো মাসোহারা নেই না।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে কারখানার মহাব্যবস্থাপক আহমদুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁরা কারখানায় খুব দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপন করবেন। পরিবেশ অধিদপ্তরের (গাজীপুর) উপপরিচালক মো. নূর আলম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ডায়িং কারখানার বর্জ্যের কারণে ফসলি জমির উপরিভাগের মাটির উর্বরতা নষ্ট হয়। ওই জমিতে উৎপাদিত ফসলেও বিষাক্ত রাসায়নিক থাকবে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এর বিষাক্ততায় জলজ প্রাণীও বিলুপ্ত হবে। তিনি কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।