ডি-৮ দেশগুলোর মধ্যে শ্রমবাজার উন্মুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক ও জাতীয় লক্ষ্য অর্জনে আরও নিবিড়ভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করা ডি-৮ ভুক্ত সরকারগুলোর অন্যতম দায়িত্ব।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা আন্তর্জাতিক শ্রমবাজারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারি। পাশাপাশি সদস্য দেশগুলোর শ্রমবাজারও পরস্পরের জন্য উন্মুক্ত করা যায়। এতে শ্রমিক প্রেরণ ও গ্রহণকারী উভয় দেশই সমানভাবে লাভবান হবে।’গতকাল বুধবার রূপসী বাংলা হোটেলে শিল্প বিষয়ে ডি-৮ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (এমডিজি) বাস্তবায়নের সময়সীমার শেষ প্রান্তে উপনীত হয়েছি। এর কিছু ক্ষেত্রে সাফল্য সত্ত্বেও সহস্রাব্দের সব লক্ষ্যের ক্ষেত্রে আমাদের আরও সন্তোষজনক অগ্রগতি অর্জন করা প্রয়োজন। এ জন্য বৈশ্বিক ও জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমাদের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে।’শিল্প মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের এই বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, ডি-৮-এর মহাসচিব উইদি আগোস প্রাতিকতো ও শিল্পসচিব মো. মইনউদ্দিন আবদুল্লাহ বক্তৃতা করেন।শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিল্প খাতে অগ্রগতি অর্জন জরুরি। এ খাতে বাংলাদেশসহ সদস্য দেশগুলোর ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হলেও জ্বালানি নিরাপত্তা নিয়ে আরও ভাবতে হবে। ডি-৮কে চমৎকার আন্তরাষ্ট্রীয় সংস্থা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতিই ডি-৮-এর প্রাণশক্তি। বিশ্বের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অঞ্চলে অবস্থিত হওয়ায় এই সংগঠন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সংযোগ হিসেবে কাজ করতে সক্ষম। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের আরও সচেষ্ট হতে হবে।’ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে আরও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করা দরকার। এ জন্য তিনি ডি-৮-এর শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ফেলোশিপের ব্যবস্থার প্রস্তাব করেন।শেখ হাসিনা বলেন, ‘ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে ডি-৮-এর সম্পর্ক আরও মজবুত করা প্রয়োজন। পাশাপাশি আসিয়ানসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থবান্ধব অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষর করা দরকার।’যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড প্রতিনিধিদলের সাক্ষাৎ: যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্যাসিফিক আর্মি কমান্ডের অধিনায়ক অ্যাডমিরাল স্যামুয়েল জে. লকলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠককালে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনরুল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।’এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।