ডি-৮ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিশ্চিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদে অনুষ্ঠেয় উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান এখনো নিশ্চিত হয়নি। আগামী মাসের ১৯ থেকে ২১ তারিখে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।এদিকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় আসছেন না। ২৫ অক্টোবর আমন্ত্রণপত্র নিয়ে তাঁর ঢাকায় আসার কথা ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হিনা রাব্বানির ঢাকা সফরটি অনিবার্য কারণে গত রোববার স্থগিত ঘোষণা করা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদস্য দেশগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া না পাওয়ায় ডি-৮ শীর্ষ সম্মেলন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বর্তমান সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শীতলতা বিরাজ করছে। এ সময় শুধু শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদে। তবে পাকিস্তানের কোনো মন্ত্রী বর্তমান সরকারের সময় ঢাকা সফরে আসেননি। মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরেই করছে। এ ছাড়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভক্ত পাকিস্তানের সম্পদের হিস্যার বিষয়গুলোরও নিষ্পত্তি হয়নি।দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময় হলে এসব অনিষ্পন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতো বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরমত।