ডিআইএ কর্মকর্তাকে হাতিয়ায় বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক শফি মাহমুদকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, এই কর্মকর্তাকে সোমবার তাৎক্ষণিক বদলি করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। শফি মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিআইএতে প্রেষণে ছিলেন। ডিআইএ স্কুল, কলেজ ও মাদ্রাসার আর্থিক নিরীক্ষা ও এগুলো পরিদর্শন করে থাকে।
সম্প্রতি বগুড়ায় আটটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিরীক্ষা ও পরিদর্শনে গিয়ে শফি মাহমুদ প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এক লাখ টাকা ঘুষ চান বলে অভিযোগ ওঠে।