ডিআইজি ও এসপিকে দুদকের দায়মুক্তি
সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন পুলিশ সুপারকে (এসপি) দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব মাকসুদুল হাসান খান তাঁদের অব্যাহতির বিষয়টি গত সোমবার আলাদা চিঠির মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন।
সরকারের বিভিন্ন দপ্তর ও দুদকের ওয়েবসাইটেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, তাঁদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়েছে।
অব্যাহতি পাওয়া পুলিশের দুই কর্মকর্তা হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (প্রোটেকশন) রফিকুল ইসলাম এবং বাগেরহাটের সাবেক এসপি ও বর্তমানে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমান।
দুদক সূত্র জানায়, চাকরিতে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ডিসেম্বরে অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগে জানানো হয়, চাকরিতে যোগ দেওয়ার সময় রফিকুল ইসলামের ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে সরকারি খাস জমিতে একটি টিনশেড বাড়ি ছাড়া কিছু ছিল না। অথচ চাকরি জীবনে তিনি অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হন। এর মধ্যে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে তিনটি বিলাসবহুল বাড়ি, যার দাম ছয় কোটি টাকা। সমপ্রতি নতুন করে উত্তরায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন। পরিবারের সদস্যরা এক কোটি টাকা মূল্যের দুটি দামি গাড়ি ব্যবহার করেন। বাবুলের স্ত্রী শিরীন আক্তারের নামে ফুলবাড়িয়া দক্ষিণপাড়া আট বিঘা জমি কিনেছেন, যার মূল্য প্রায় ছয় কোটি টাকা। এ ছাড়া নামে-বেনামে থাকা সম্পদ তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অভিযোগ অনুসন্ধানে ওই বছরের ২১ ডিসেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপরিচালক হামিদুল হাসান। জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব অভিযোগ ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেন রফিকুল ইসলাম।
অনুসন্ধান শেষে তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা।
এসপি মিজানের অব্যাহতি: আরআরএফ কমান্ড্যান্ট মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকের চারজন কর্মকর্তা আলাদাভাবে অনুসন্ধান করেও প্রমাণ পাননি। তাই মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক গোলাম মোরশেদ অনুসন্ধান শুরু করলেও পরে আরেক উপপরিচালক ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়। দুজনই মিজানুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিলেও কমিশন তা গ্রহণ করেনি। পরে আবার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক হামিদুল হাসানকে। হামিদুল হাসানও অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করেন। এ সুপারিশ অগ্রাহ্য করে উপপরিচালক মো. আব্দুস সোবহানকে পুনরায় অনুসন্ধানের দায়িত্ব দেয় কমিশন।
দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, ১৯৯৪ সালের ২০ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৮ বছরে মিজানুর রহমান কয়েক শ বিঘা স্থাবর সম্পত্তি কিনেছেন। ব্যাংকে রয়েছে ১০ কোটি টাকার বেশি। তাঁর স্ত্রীর নামে লাইসেন্স নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বৈধ করেন। এসব রেকর্ডে মিজানের স্ত্রী নীপা মিজানের সংশ্লিষ্টতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদের অনুমতি চান অনুসন্ধান কর্মকর্তা হামিদুল হাসান। কিন্তু কমিশনের ওপর মহল থেকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে অদৃশ্য ইশারায় অনুসন্ধান নথিভুক্তির সুপারিশ করা হয় প্রতিবেদনে। সবশেষ অনুসন্ধান কর্মকর্তা মো. আব্দুস সোবহানের পুনঃঅনুসন্ধান প্রতিবেদনেও তাঁর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার বদলে নথিভুক্তির সুপারিশ আসে।
জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চারবার অনুসন্ধানের পরও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো তথ্য পাননি অনুসন্ধান কর্মকর্তারা। তাই বিষয়টি নথিভুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।’
এর আগে ২০১১ সালে এসপি মিজানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধান করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।