ডিআইজি মোখলেসুরের মতামত জানতে চেয়েছে সদর দপ্তর
অপরাধপ্রবণতা, সামাজিক অবক্ষয় ও মাদক সেবন নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর মতামত জানতে চেয়েছে পুলিশ সদর দপ্তর। গত বুধবার ডিআইজি সংবাদকর্মীদের ডেকে এ রকম মন্তব্য করার পর গতকাল বৃহস্পতিবার তাঁর কাছে লিখিত চিঠিতে মতামত জানতে চায় পুলিশ সদর দপ্তর। পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।গত বুধবার সেগুনবাগিচার কার্যালয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানান ডিআইজি মোখলেসুর রহমান। মতবিনিময়কালে তিনি বলেন, সমাজের এমন কোনো অংশ নেই, যেখানে মাদক নেই। অনেক পুলিশ ফেনসিডিল পান করছে, প্রকৌশলীরাও থেমে নেই। অনেক ডাক্তারও অপারেশনে যাওয়ার আগে ফেনসিডিল পান করে যাচ্ছেন।এ ছাড়া সাম্প্রতিক অপরাধপ্রবণতা, পর্নোগ্রাফি, শিশু পাচার, অবৈধ গর্ভপাত, এসিড নিক্ষেপ ইত্যাদি ইস্যুতে তিনি বিভিন্ন মন্তব্য করেন। তাঁর এ মন্তব্য বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওতে প্রকাশ ও প্রচারিত হয়।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, তিনি কেন এসব মন্তব্য করলেন, এ বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছে পুলিশ সদর দপ্তর।