ডিআইজিকে সংবর্ধনা জানাতে...
মেহেরপুরের গাংনী উপজেলায় আগামীকাল মঙ্গলবার সন্ত্রাস ও নাশকতাবিরোধী গণ সমাবেশে যোগ দেবেন খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. এস এম মনির উজ্জামান। তাঁকে অভ্যর্থনা জানাতে স্থানীয় সব কলেজের শিক্ষকদের হাজির হতে নির্দেশ দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মকবুল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে আগামীকাল মেহেরপুর শহরের পৌর শাসমুজ্জোহা পার্কে, সদর উপজেলার বারাদী মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, মুজিবনগর উপজেলা চত্বরে এবং গাংনীর ত্রিমোনী মোড়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এসব সমাবেশে ডিআইজি বক্তব্য দেবেন। গাংনীতে ডিআইজিকে সংবর্ধনা জানাতে স্থানীয় কলেজগুলোর শিক্ষকদের হাজির হতে বলেছেন সাংসদ মকবুল হোসেন।
ওই সাংসদের পাঠানো খুদেবার্তায় লেখা হয়, ‘ডিআইজি আগামীকাল আসবেন। আপনি উপস্থিত থাকবেন। অর্ডার এমপি।’
এ ব্যাপারে গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের ভাষ্য, সাংসদের নির্দেশমতো কলেজ বন্ধ রেখে প্রায় ৭৫ জন শিক্ষক-কর্মচারী ডিআইজির সমাবেশে যোগ দিতে গাংনী ত্রিমোনী মোড়ে যাবেন।
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর ভাষ্য, ডিআইজিকে অভ্যর্থনা জানাতে সাংসদ তাঁদের নির্দেশ দিয়েছেন। তিনি সেই নির্দেশ পালনে শিক্ষক-কর্মচারীদের খুদেবার্তা দিয়েছেন। তাঁর নেতৃত্বে মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরাও ডিআইজির সভাস্থলে যোগ দিয়ে এলাকার সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তব্য দেবেন।
গাংনী বিএম কলেজের এক শিক্ষক বলেন, ‘আমাদের কলেজের পরিচালনা কমিটির সভাপতি হলেন এই সাংসদ। এ কারণে তাঁর নির্দেশ মোতাবেক ডিআইজির সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ওই কলেজে শিক্ষক-কর্মচারী ৬৫ জন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের ভাষ্য, ডিআইজি প্রথমে বারাদী মোমিনপুর স্কুলে সন্ত্রাসবিরোধী গণ সমাবেশে যোগ দেবেন। সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
সাংসদ মকবুল হোসেনের ভাষ্য, তাঁর এলাকায় ডিআইজি মেহমান হিসেবে আসবেন। তাই তাঁর আগমনকে সফল ও সম্মানিত করতে তিনি বিভিন্ন কলেজের প্রধানদের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ তিনি দলীয় নেতা-কর্মীদেরও দিয়েছেন বলে জানান।