রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারীকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল বুধবার রাজশাহীতে দুটি বেসরকারি সংস্থা আয়োজিত পঞ্চম গণগবেষক সম্মেলনে বিভাগীয় কমিশনার ও পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের কাছে মিজানুর রহমান ২৪ ঘণ্টার মধ্যে এ তথ্য জানতে চান। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মেমোরিয়াল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠন মানববন্ধন করেছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের সাবেক সভাপতি হাবিল মার্ডি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠন-আসারুর সাবেক সভাপতি মাইকেল বাস্কে প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে এই বর্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র গ্রেপ্তার নিহত আদিবাসী নারীর ভাশুর বিশ্বনাথ মারান্ডিকে মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে জোর তৎপরতা চলছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের ব্যাপারে কথা বলতে রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গত রোববার বাড়ির পাশে একটি জঙ্গল থেকে সিমলা দিঘিপাড়া গ্রামের একটি বয়স্ক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক মরিয়মের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।