পুলিশি হামলার শিকার দিনাজপুরের বিরল উপজেলার দুপ্তইড় গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. সিদ্দিকুর রহমান। গত বৃহস্পতিবার ওই গ্রাম পরিদর্শনের সময় তিনি ক্ষমা চান।উল্লেখ্য, গত সোমবার রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে এক পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনার জের ধরে গত মঙ্গলবার পুলিশ দুপ্তইড় গ্রামের বাসিন্দাদের লাঠিপেটা করে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।ডিআইজি সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে তিনি দুপ্তইড় গ্রামে গেছেন। নির্যাতনের শিকার ব্যক্তিরা তাঁর কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই তিনি পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।পুলিশ সূত্র জানায়, বিকেলে রাজশাহী রেঞ্জের ডিআইজি দুপ্তইড় গ্রামে যান। দিনাজপুরের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেন, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহসিনুজ্জামান খান ও হরিদাস মহন্ত এ সময় উপস্থিত ছিলেন।গতকাল শুক্রবার এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের একটি প্রতিনিধিদল ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপ্তইড় গ্রাম পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি পুলিশ বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।দুপ্তইড় গ্রামের বাসিন্দারা ঘটনার জন্য পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে দায়ী করে অবিলম্বে তাঁদের বরখাস্ত দাবি করে।এদিকে এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা গত মঙ্গলবার চারজনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রামবাসী জানায়, গ্রেপ্তারের আতঙ্কে নারী ও শিশু বাদে পুরুষেরা গ্রামছাড়া।দিনাজপুরের সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেন বলেন, পুলিশ কোনো গ্রামবাসীকে ধরতে যাবে না। সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপনের জন্য তিনি গ্রামবাসীর প্রতি আহ্বান জানান।এদিকে গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনার জন্য দিনাজপুরের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।