ডিআইজির প্রতিবাদ ও প্রতিনিধির বক্তব্য
১৪ সেপ্টেম্বর প্রথম আলোর ৫-এর পাতায় ‘ডিআইজির মেয়ের বিলাসী জন্মোৎসব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি দাবি করেন, তাঁর একমাত্র মেয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সব মিলিয়ে ১৪২ জন অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে তিনজন পুলিশ সুপার ও ছয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, যাঁরা সবাই তাঁর আত্মীয়স্বজন। অনুষ্ঠানের সব খরচ তাঁর আমেরিকাপ্রবাসী ছোট দুই বোন ও ভগ্নিপতি বহন করেন।
প্রতিবেদকের বক্তব্য: অনুষ্ঠানে উপস্থিত ডিআইজির নিম্নপদস্থ একাধিক পুলিশ কর্মকর্তা, অতিথি সেবায় নিয়োজিত ব্যক্তি ও অনুষ্ঠানস্থল রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট পার্কের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং অনুষ্ঠানস্থল ঘুরে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ঢাকায় প্রথম আলোর প্রধান কার্যালয় থেকে ডিআইজির সঙ্গে কথা বলে তাঁর বক্তব্যও ছাপা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ডিআইজি দাবি করেছিলেন, তাঁর পাঁচ ভাই-বোন যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরাই অনুষ্ঠানের সব খরচ দিয়েছেন।
অথচ রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, ডিআইজির অনুষ্ঠানের জন্য কেউ পার্কের ভাড়া পরিশোধ করেননি।