ডিআইজির বাড়ির প্রাচীরের জন্য সরকারি গাছ কর্তন!
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুলিশের এক উপমহাপরিদর্শকের (ডিআইজি) বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ২৫ বছরের একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আলফাডাঙ্গা-গোপালপুর সড়কে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকায় পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়ার দোতলা ভবন নির্মাণের কাজ চলছে। ওই বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করতে গিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন ২৫ বছর বয়সের একটি রেইনট্রি গাছ কেটে ফেলা হয়। বর্তমানে বাড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন ডিআইজির ভাগনে মো. ইব্রাহিম শেখ। তিনি বলেন, গাছ ও জমিটির মালিক ডিআইজি। সীমানাপ্রাচীর নির্মাণের জন্য গত ২৫ জানুয়ারি থেকে গাছটি কাটা শুরু হয়। গাছটি কাটতে তিন দিন সময় লেগেছে। গাছ কাটার পর ইউএনও দাবি করেছেন, গাছটি সরকারি।আলফাডাঙ্গার ইউএনও মো. আবুল খায়ের বলেন, এ ব্যাপারে তিনি ডিআইজির সঙ্গে কথা বলেছেন। ডিআইজি তাঁকে বলেছেন, গাছটি তাঁর জমির মধ্যে পড়েছে। তবে গাছটি রোপণ করা হয়েছে সরকারি উদ্যোগে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।