সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৫ মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে।
এক মাসের বেঁধে দেওয়া সময় শেষে গতকাল শুক্রবার আন্দোলনের এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক মাসের চূড়ান্ত সময়সীমা ১০ মার্চ শেষ হয়েছে। এর মধ্যে খুনিদের চিহ্নিত করা দূরের কথা, মামলার তদন্তে কোনো রকম অগ্রগতির কথা জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ২৮ ফেব্রুয়ারি আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা দিতে পারেনি তদন্তকারী সংস্থা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি রাজধানীর রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ। বক্তব্য দেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন। সংগঠনের নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মো. শরীফুল ইসলাম, কামরুজ্জামান কাজল, শেখ মুহাম্মদ জামাল হোসাইন, মেহ্দী আজাদ মাসুম, জিলানী মিলটন প্রমুখ।