ডিআরইউ পুরস্কার পেলেন ১১ জন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২০১৩ সালে বিভিন্ন বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সেরা প্রতিবেদনের জন্য ১১ জন প্রতিবেদককে পুরস্কার দিয়েছে।
গতকাল শুক্রবার সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে ‘ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৩’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ বছর প্রথম চালু করা সাগর-রুনী স্মৃতি পুরস্কার পেয়েছেন দি ঢাকা ট্রিবিউন পত্রিকার জুলফিকার আলী, রাষ্ট্রপতির সৌজন্যে শিক্ষাবিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম আলোর শরিফুজ্জামান, নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাবিষয়ক প্রতিবেদনের জন্য পথিক সাহা স্মৃতি পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের কাজী হাফিজ, দৈনিকসমকাল পত্রিকার সৌজন্যে রাজনীতিবিষয়ক প্রতিবেদনের জন্য গৌতম দাস স্মৃতি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর সেলিম জাহিদ, নাভানা গ্রুপের সৌজন্যে বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রতিবেদনের জন্য আলোকিত বাংলাদেশ-এর রিয়াজউদ্দীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে নগরের সমস্যা ও সম্ভাবনাবিষয়ক প্রতিবেদনের জন্য ভোরের কাগজ-এর পরিমল সাহা, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য শহীদজায়া হাসনা হেনা কাদির স্মৃতি পুরস্কার ভোরের কাগজ-এর ঝর্ণা মনি, অর্থনীতিবিষয়ক প্রতিবেদনের জন্য চ্যানেল টোয়েন্টি ফোর-এর মজুমদার বাবু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সৌজন্যে নগরের সমস্যা ও উন্নয়নবিষয়ক প্রতিবেদনের জন্য এনটিভির রোকনউদ্দীন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সৌজন্যে মানবিক প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের মোস্তফা মল্লিক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে উন্নয়ন ও সম্ভাবনাবিষয়ক প্রতিবেদনের জন্য দ্য রিপোর্ট ২৪ ডটকমের আবু হানিফ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, ডিআরইউর প্রয়াত সাধারণ সম্পাদক পথিক সাহার বড় ভাই প্রণয় সাহা, ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ডিআরইউর বার্ষিক সাধারণ সভা হয়। আজ শনিবার সকাল নয়টা থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।