ডিআরইউ মিলনায়তনের নাম হবে'সাগর-রুনি'

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি মিলনায়তনের নামকরণ করা হবে।আজ সোমবার ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ডিআরইউ ভিআইপি মিলনায়তনটি ‘ডিআরইউ—সাগর রুনি মিলনায়তন’ হিসেবে পরিচিতি পাবে। খবর বাসসের।ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের দুই সদস্য সাগর সারওয়ার ও মেহেরুন রুনির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করা হয়েছে।সভায় সাগর-রুনিসহ স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে নিহত হওয়া সাংবাদিকদের হত্যাকারীদের বিচারের দাবিতে সক্রিয় আন্দোলনের দৃঢ় অঙ্গীকার জানায় ডিআরইউ। এতে সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যেই এই সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।সভায় সংগঠনের সহ-সভাপতি এ বি এম জিয়াউল কবির, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক রেজাউল করীম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক কাজী হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মেহদী আজাদ, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক নাজমুল আহম্মদ, কার্যনির্বাহী সদস্য মুরসালিন নোমানী, জামিউল আহসান ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন উপস্থিত ছিলেন।