ডিআরইউর পুরস্কার পেলেন ২৬ সাংবাদিক
বিভিন্ন বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামানসহ ২৬ জন সাংবাদিককে ‘ওয়ালটন-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৬’ দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ডিআরইউর সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, জুরিবোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার ও ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ বক্তব্য দেন।
এবার ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য ২৭৫টি প্রতিবেদন জমা পড়ে। রিপোর্টিংয়ের ২৬টি বিষয়ে ‘ওয়ালটন-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছেন প্রিন্ট মিডিয়ায় শিক্ষাবিষয়ক রিপোর্টিংয়ের জন্য কালের কণ্ঠ-এর শরীফুল আলম, মুক্তিযুদ্ধবিষয়ক রিপোর্টিংয়ের জন্য সমকাল-এর আবু সালেহ, অবজেকটিভ ইকোনমিতে আমাদের সময়-এর রুমানা রাখি, নগরীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে দ্য ডেইলি স্টার-এর হেলিমুল আলম, অপরাধ ও আইনশৃঙ্খলায় জনকণ্ঠ-এর বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জনকণ্ঠ-এর ওয়াজেদ হীরা, বিদ্যুৎ ও জ্বালানিতে প্রথম আলোর শরিফুজ্জামান, বৈদেশিক সম্পর্কে ডেইলি স্টার-এর পরিমল পালমা, ক্রীড়ায় যুগান্তর-এর শিপন হাবিব, স্বাস্থ্য খাতে আলোকিত বাংলাদেশ-এর নেসার উদ্দীন আহাম্মদ, রাজনীতি ও বিচারব্যবস্থায় ডেইলি স্টার-এর শাখাওয়াত লিটন, কৃষিতে নয়া দিগন্ত-এর মেহেদি হাসান, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিতে কালের কণ্ঠ-এর আজিজুল পারভেজ, আর্থিক খাতে আমাদের সময়-এর হারুন-অর-রশিদ এবং নারী ও শিশু অধিকারে ভোরের কাগজ-এর এস এম মিজান।
টেলিভিশন রিপোর্টিংয়ে অর্থনীতিতেযমুনা টেলিভিশনের অপূর্ব আলাউদ্দীন, নগরীর সমস্যা ও সম্ভাবনায় মাছরাঙা টেলিভিশনের মাজহারুল ইসলাম, অপরাধ ও আইনশৃঙ্খলায় চ্যানেল ২৪-এর রাশেদ নিজাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এনটিভির এম এম ইসলাম, ক্রীড়ায় মাছরাঙা টেলিভিশনের ফারিয়া আফসানা, সুশাসন ও দুর্নীতিতে মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, মানবাধিকারে এনটিভির শফিক শাহিন, স্বাস্থ্যে যমুনা টেলিভিশনের জি এম ফয়সাল আলম; অনলাইন মাধ্যমে মানবাধিকারে জাগোনিউজের শাহেদ শফিক, উন্নয়ন ও সম্ভাবনায় পরিবর্তনডটকমের আবু হানিফ রানা এবং রেডিও রিপোর্টিংয়ে বিবিসির আহরার হোসেন পুরস্কার পেয়েছেন।