ডিআরইউর সভাপতিকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক সমকাল-এর নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে দুর্বৃত্তরা অপহরণের চেষ্টা চালিয়েছে। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বিজয় সরণির মোড়ে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ঘটনাটি জানানো হয়েছে।

শাহেদ চৌধুরী প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মাইক্রোবাসে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পাদকদের সম্মানে ডাকা ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িটি বিজয় সরণি মোড়ে সিগন্যালে আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গেই সাদা রঙের একটি কার শাহেদ চৌধুরীকে বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়ি থেকে দুই যুবক নেমে মাইক্রোবাসের দরজা খুলে শাহেদ চৌধুরীকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হয়। তিনি জানান, দুই যুবক তাঁকে কারে তোলার চেষ্টা করেন। এ সময় লোকজন জড়ো হলে যুবকেরা গাড়িতে উঠে পালিয়ে যান। চলে যাওয়ার সময় তাঁরা শাহেদ চৌধুরীকে হুমকি দিয়ে বলে, ‘এবার বেঁচে গেলি, দেখি তুই ঢাকায় কীভাবে বেঁচে থাকিস।’ ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছেন শাহেদ চৌধুরী।