ডিআরইউ-গ্রামীণফোন পুরস্কার পেলেন ২৭ গণমাধ্যমকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দঘন আয়োজনে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড, ২০১৪’ পেলেন ২৭ জন গণমাধ্যমকর্মী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও গ্রামীণফোন লিমিটেডের হেড অব কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন।

প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে এবার ২৫টি বিষয়ের ওপর বছরের সেরা প্রতিবেদনের জন্য ২৭ জন প্রতিবেদক পুরস্কার পান। দেশের সর্ববৃহৎ মুঠোফোন অপারেটর গ্রামীণফোন এতে পৃষ্ঠপোষকতা করে।

২০১৪ সালের শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাগর-রুনি স্মৃতি পুরস্কার পেয়েছেন রোজিনা ইসলাম (প্রথম আলো), আলাউদ্দিন আহমেদ (যমুনা টেলিভিশন) ও কাজী জামশেদ নাজিম (দ্য রিপোর্ট২৪ডটকম)। প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য শফিকুল কবির স্মৃতি পুরস্কার পেয়েছেন আবু সালেহ (সমকাল)। তথ্য, যোগাযোগপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ে পথিক সাহা স্মৃতি পুরস্কার পেয়েছেন রাজু আহমেদ (জিটিভি)। প্রতিটি পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা।

প্রিন্ট মাধ্যমে শিক্ষাবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন রাজনীতি বিষয়ে জুলফিকার আলী (ঢাকা ট্রিবিউন), মো. মামুন হোসেন (যায়যায়দিন), সংসদ, আইন ও বিচার এবং নির্বাচন কমিশনবিষয়ক প্রতিবেদনের জন্য সেলিম জাহিদ (প্রথম আলো), তথ্য, যোগাযোগপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ে ফখরুল ইসলাম (প্রথম আলো), নগরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে দীপন নন্দী (বর্তমান), অর্থনীতি বিষয়ে রিপোর্টে কাওসার রহমান (জনকণ্ঠ), নারী ও শিশু বিষয়ে হামিদুর রহমান ভূঁইয়া (যুগান্তর), ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে রাজীব নূর (সমকাল), ক্রীড়ায় মো. রাহেনুর ইসলাম (কালের কণ্ঠ), বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে মো. মামুন-অর-রশিদ (জনকণ্ঠ), কৃষি বিষয়ে পরিমল পালমা (ডেইলি স্টার), অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ে সুমি খান (জনকণ্ঠ), জনশক্তি বিষয়ে তাকী মোহাম্মদ জোবায়ের (ইনকিলাব) ও স্বাস্থ্য বিষয়ে মনিরুজ্জামান উজ্জ্বল (ঢাকা ট্রিবিউন)।

টেলিভিশন মাধ্যমে অর্থনীতি বিষয়ে মজুমদার বাবু (চ্যানেল ২৪), নগরের সমস্যা ও উন্নয়ন বিষয়ে নাজমুল হোসেন (যমুনা টেলিভিশন), অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ে মোরছালীন বাবলা (চ্যানেল আই), সুশাসন ও দুর্নীতি বিষয়ে পারভেজ নাদির (একাত্তর) এবং পরিবেশ ও প্রকৃতি বিষয়ে শিমুল বাশার (ইনডিপেনডেন্ট)। অনলাইন মাধ্যমে মানবাধিকার বিষয়ে রফিকুল ইসলাম (বাংলানিউজ২৪ডটকম), উন্নয়ন ও সমস্যা বিষয়ে আবু হানিফ রানা (দ্য রিপোর্ট২৪ডটকম) ও রেডিও প্রতিবেদনের জন্য শাহনাজ শারমীন (এবিসি রেডিও)। প্রতিটি পুরস্কারের মূল্যমান ৭৫ হাজার টাকা।

অনুষ্ঠানে জুরিবোর্ডের সদস্য সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, হলিডে সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, উইকলি ইকোনমিক টাইমস সম্পাদক শওকত মাহমুদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান আ জ ম শফিউল আলম ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অধ্যাপক আরেফিন সিদ্দিক, গ্রামীণফোন লিমিটেডের মার্কাস এডাকটুসন, জুরিবোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।