ডিআরইউ'র প্রয়াত সদস্যের সন্তানেরা শিক্ষা ভাতা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানেরা শিক্ষা ভাতা পাবে। ১৯৯৫ সালের ২৬ মে এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এর ৪৪ জন সদস্য মারা গেছেন। মারা যাওয়া সদস্যদের মধ্যে ১৪টি পরিবারের সন্তানেরা শিক্ষা ভাতা পাবে।

আজ শনিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়াত সদস্যদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ১৪টি পরিবারের সন্তানেরা প্রথম থেকে একাদশ শ্রেণিতে পড়ছে। অনেক পরিবারের পক্ষেই সন্তানের শিক্ষা খরচ জোগানো সম্ভব হচ্ছে না। তাই পরিবার প্রতি মাসে এক হাজার টাকা হিসাবে বছরে ১২ হাজার টাকা করে শিক্ষা ভাতা দেওয়া হবে।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো সদস্য মারা যাওয়ার সময় তাঁর ছেলেমেয়েরা অধ্যয়নরত থাকলে ওই পরিবারও শিক্ষা ভাতার অন্তর্ভুক্ত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে বেলা ১১টায় ১৪টি পরিবারের সন্তানদের হাতে শিক্ষা ভাতা তুলে দেওয়া হবে।