ডিইউএমসিজেএএর নতুন কমিটির অভিষেক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেছেন, সত্যের সন্ধান করতে হবে। সত্য সংবাদ যত কঠিন হোক, খুঁজে বের করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এ কথা বলেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অ্যালামনাইয়ের সাবেক সভাপতি প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বর্তমান ছাত্রদের বলেন, স্নাতক শেষ করে অ্যালামনাই সদস্য হোন। সবাই মিলে একসঙ্গে থাকলে ভালো লাগবে। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা সাখাওয়াত আলী খান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুস সালাম, সাবেক সম্পাদক স্বপন কুমার দাস, শিল্পী ফকির আলমগীর এবং অভিষেক প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ পিপুল।