ডিইউজে নির্বাচন নিয়ে অভিযোগের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচন নিয়ে প্রতিপক্ষ প্যানেলের অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেছেন, তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সত্য নয়।
মোস্তফা কামাল আরও বলেন, ভোটকক্ষের বাইরে কে, কী করেছে সেটা তাঁর দেখার কথা নয়। তিনি বলেন, চারজন অল্পবয়স্ক ছেলেকে ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের প্রার্থীরা মারধর করছিলেন। এতে ভোটারদের কক্ষে প্রবেশে সমস্যা হচ্ছিল। এ জন্য ওই চারজনকে তিনি কক্ষের ভেতর এনে আটকে রাখেন। পরে প্রার্থীদের পরামর্শে তাদের ছেড়ে দেওয়া হয়। এরা কেউ জাল ভোট দিতে আসেনি বলেও জানান তিনি।
কমিশনের চেয়ারম্যান বলেন, ১৪০টি ব্যালটে সাইন নেই বলে দাবি করা হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়। ৩৫টি ব্যালটে সাইন ছিল না। এটা সম্ভবত ভুল ছিল। তা ছাড়া এই ব্যালটের কারণে কোনো প্রার্থীর জয়-পরাজয় নির্ভর করেনি।
গত শনিবার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে এলাহী নেওয়াজ খান সাজু-খোরশেদ আলম প্যানেল। এলাহী নেওয়াজ খানের সই করা বিজ্ঞপ্তিতে এ জন্য কমিশনের চেয়ারম্যানকে অভিযুক্ত করা হয়।