ডিইউজের একাংশের সতর্ক অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ প্রণয়নের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট প্রকাশের পর সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক বিবৃতিতে ‘দীর্ঘদিন পরে’ হলেও জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করার উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, এটি একটি ভালো উদ্যোগ। তবে নীতিমালার কিছু বিষয় আরও স্পষ্ট করতে হবে।
বিবৃতিতে ডিইউজের এ দুই নেতা বলেন, ‘স্বাধীন দেশের উপযোগী স্বাধীন সম্প্রচার নীতিমালা চাই আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ নীতিমালা নিয়ে এরই মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ও বিতর্ক দেখা দিয়েছে।’ তাঁরা বলেন, এ-সংক্রান্ত আইন প্রণয়নের আগে সরকারের উচিত হবে এসব বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট মহল ও পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করা।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত কমিশনকে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণমুক্ত ও স্বাধীন হতে হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের মানহানি সম্পর্কে নীতিমালায় যা বলা হয়েছে, তাতে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তাহলে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত থাকলেও কি সংবাদ প্রকাশ করা যাবে না? বিজ্ঞপ্তি।