ডিইউজের নির্বাচন ৩০ জানুয়ারি
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা আগামী ২৯ জানুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
৯ ডিসেম্বর ডিইউজের নির্বাহী পরিষদের এক সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সাংবাদিক হাসান শাহরিয়ার নয় সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন: আবদুর রহমান, শামীম আহমেদ, রেজওয়ানুল হক, মাহমুদ হাসান, রফিকুল ইসলাম, অশোক কুমার সিংহ, সাইফুল ইসলাম ও উত্তম কুমার চক্রবর্তী।
নির্বাচনী তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর চাঁদা পরিশোধের শেষ সময়। ইউনিট নির্বাচনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ডিসেম্বর। ভোটার তালিকা সম্পর্কে যদি আপত্তি থাকে তা ৩০ ডিসেম্বর জানাতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৬ জানুয়ারি। মনোনয়নপ্রত্র দাখিলের শেষ সময় ৮ জানুয়ারি। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ জানুয়ারি। প্রার্থী তালিকা সম্পর্কে যদি আপত্তি থাকে তা জানাতে হবে ১২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির ওপর নির্ভর করে এ তফসিল পরিবর্তন হতে পারে। বিজ্ঞপ্তি।