ডিইউজের সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আকতার হোসেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৭২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান পেয়েছেন ৬৯০ ভোট। এ ছাড়া একই পদে আরেক প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী আকতার হোসেন পেয়েছেন ৭৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এম এ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিল পারভীন ও নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু।
এ ছাড়া নির্বাচিত আটজন সদস্য হলেন মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল, আসাদুর রহমান, সলিম উল্ল্যাহ, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।