ডিইউজের সরকারবিরোধী অংশ ভাঙল
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সরকারবিরোধী অংশটি কার্যত দুই ভাগ হয়ে গেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ডেকে ডিইউজের নতুন কমিটি ঘোষণা করেছে একটি অংশ। এ অংশের সভাপতি মনোনীত হয়েছেন এলাহী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক হয়েছেন খায়রুল আলম।
অন্যদিকে বর্তমান কমিটি ইতিপূর্বে স্থগিত করা বার্ষিক সাধারণ সভা ডেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এই কমিটির সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ওই সভা হয়।
এলাহী নেওয়াজ প্রথম আলোকে বলেন, বিভক্ত ইউনিয়ন একীভূত করতে এই কমিটি কাজ শুরু করবে। গতকাল নতুন কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন। বক্তব্য দেন আমানুল্লাহ কবীর, কামরুল ইসলাম চৌধুরী, সরদার ফরিদ আহমদ, গোলাম মহিউদ্দিন খান প্রমুখ।
নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান, সহসভাপতি, মো. বদিউজ্জামান, আলিমুজ্জামান হারুন প্রমুখ।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন ১৯৯৩ সালে বিভক্ত হয়ে সরকার-সমর্থক ও সরকারবিরোধী অংশ তৈরি হয়। এত দিন দুই রাজনৈতিক মতাদর্শের সাংবাদিকেরা ভোট দিয়ে নিজ নিজ ইউনিয়নের কমিটি গঠন করতেন। এখন বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিক ইউনিয়নের মধ্যেও বিভক্তি তৈরি হলো।