ডিইউডিএসের সহিংস উগ্রবাদ বিরোধী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২৮-২৯ জুন

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) আগামী ২৮-২৯ জুন আয়োজন করতে যাচ্ছে ‘সহিংস উগ্রবাদ বিরোধী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উদ্যোগে এ আয়োজন হবে।
গতকাল শনিবার এ উপলক্ষে ডিইউডিএস ও সিটিটিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিটিটিসির পক্ষে ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম এবং ডিইউডিএসের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ-আলমুতি আসাদ এ চুক্তিতে সই করেন।
দেশের তরুণ প্রজন্মের মধ্যে সহিংসতা ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরিতে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মনিরুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিইউডিএসের সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, বিতার্কিকদের যুক্তিতর্ক ও গঠনমূলক পর্যালোচনায় জঙ্গিবাদের কারণগুলো আরও স্পষ্ট হবে বলেই আমরা মনে করি।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহফুজা আক্তার লিজা বলেন, তরুণেরা জঙ্গিবাদ ও সহিংসতা নিয়ে কথা বললে তার মধ্যে বেরিয়ে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যা ভবিষ্যতে আমাদের দেশগঠনে ভূমিকা রাখবে।
আগামী ২৮-২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি মিলনায়তনে আয়োজিত হবে এ বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২ টি বিতর্ক ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
ডিইউডিএসের ফেসবুক ইভেন্টে রেজিস্ট্রেশন বা ডিইউডিএসের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ-আলমুতি আসাদের (০১৭২৮-৪৭২০৬১) মোবাইলে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।