ডিইউডিএসের ৩৩ বছর পূর্তি ও পুনর্মিলনী ৭ নভেম্বর
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ৩৩ তম বছরপূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান ৭ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনব্যাপী ওই অনুষ্ঠান চলবে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
‘প্রকাশই প্রতিভা’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৯৮২ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু হয় বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পুরোধা সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউডিএসের সাবেক ও বর্তমান বিতার্কিকদের ওই মহামিলনে দিনব্যাপী প্রদর্শনী বিতর্ক (সংসদীয়), জুটি বিতর্ক, রম্য বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, সাংস্কৃতিক পর্ব, স্মৃতিচারণা, ফানুস উড়ানোসহ নানা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় ডিইউডিএসের অর্জন করা ট্রফি ও ক্রেস্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সময়ে আয়োজিত অনুষ্ঠানের স্মারক পোস্টারও প্রদর্শিত হবে অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অংশ নিতে সাবেক বিতার্কিকদের নিবন্ধন করতে হবে। অনুষ্ঠানে নিবন্ধনের জন্য ০১৫১৫২৪৩৮৯৩ এবং ০১৫১৫২০১২৭২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।