ডিইপিজেড এলাকার একটি কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দাদা বিডি লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা গতকাল রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে কারখানার ৪২৮ জন শ্রমিককে তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। এদিকে ঢাকার সাভারের নাসা গ্রুপের চারটি পোশাক কারখানার মধ্যে এজে সুপার নামের একটি কারখানা গতকাল খুলে দেওয়া হয়েছে। তবে কারখানা ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে ১২ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেন, কাজ না থাকায় দাদা বিডি লিমিটেড বন্ধ রাখা হয়েছে। কাজ পেলে আবার খোলা হবে। তবে বন্ধ ঘোষণার আগে গতকাল ৪২৮ জন শ্রমিককে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়া থানা ও এজে সুপার কারখানা সূত্রে জানা যায়, গতকাল নাসা গ্লোবাল, এজে সুপার, নাসা বেসিক ও নাসা হাইটেক নামের কারখানাগুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এজে সুপার ছাড়া অন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়। এসব কারখানার হাজার হাজার শ্রমিক সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কারখানা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। তাঁরা কারখানার সামনে বিক্ষোভ করার চেষ্টা করেন। খবর পেয়ে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিলে শ্রমিকেরা চলে যান। নাসা গ্রুপের পরিচালক গোলাম মহিউদ্দিন বলেন, কারখানায় উৎপাদনের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় গতকালও তিনটি কারখানা খোলা সম্ভব হয়নি। তবে সোমবার থেকে এসব কারখানায় উৎপাদন শুরু করা হবে। তিনি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ১২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।’