বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ার রপ্তানি-প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) আলফা প্যাকেজিং ও আলফা পেটারন্স নামের দুটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। বিশৃঙ্খলতা এড়াতে ডিইপিজেড এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, একই মালিকের ওই দুটি কারখানার শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধের কথা ছিল গতকাল। ভোর ছয়টার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে জানতে পারেন গতকালের জন্য কারখানা দুটি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর শ্রমিকেরা কারখানার ভেতর প্রবেশ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পরে ডিইপিজেড কর্তৃপক্ষ ওই কারখানার শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১৫ মে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ঘটনাটি নিশ্চিত করেছেন।