ডিইপিজেডে ফোম কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) কোরিয়ান মালিকানাধীন ফোম তৈরির একটি কারখানায় আগুন লেগে বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে কারখানার পাশের গুদাম থেকে আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচজন কর্মী সামান্য আহত হয়েছেন।এর আগে ১৪ ডিসেম্বর ডিইপিজেডের অদূরে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬ জন শ্রমিক নিহত ও দুই শতাধিক আহত হন।ডিইপিজেডের সোয়ান লোন কোম্পানি লিমিটেডের (দেশি-বিদেশি জ্যাকেটে ব্যবহূত ফোম তৈরির কারখানা) উৎপাদন বিভাগের সুপারভাইজার তাজুল ইসলাম জানান, রাত তিনটার দিকে কারখানার গুদামের ১ নম্বর ইউনিটের প্যাডিং মেশিনের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা গুদামের ২ ও ৩ নম্বর ইউনিটেও ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা ফোম তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পলেস্টার স্ট্যাপল ফাইবার পুড়ে যায়।তাজুল জানান, অগ্নিকাণ্ডের সময় রাতের পালায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আগেই শ্রমিকেরা অক্ষত অবস্থায় দৌড়ে গুদাম থেকে বের হন।খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা করে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, গুদামের চুলার অতিরিক্ত তাপ থেকে আগুন লাগতে পারে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, গুদামে অন্তত ৫০০ টন পলেস্টার স্ট্যাম্পল ফাইবার ছিল। এসব কাঁচামাল, ভবনসহ আগুনে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হতে পারে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দেওয়া হয়েছিল। ওই আবেদনে ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ কোটি টাকা বলে দাবি করা হয়েছিল। ডায়েরি গ্রহণ না করে কারখানার কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বলা হয়েছে। কারণ পুরো কারখানাসহ মালামালের মূল্যও অত টাকা নয়।’