ডিইপিজেডে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতর অবস্থিত একটি পোশাক কারখানায় গতকাল শনিবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত কাজ বন্ধসহ বিভিন্ন দাবিতে অ্যাকটর স্পোর্টিং লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।শ্রমিকেরা দাবি করেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা আনসাররা লাঠিপেটা করলে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাতের বেলায় কাজ বন্ধ ও সাপ্তাহিক ছুটির দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় অসন্তোষ দেখা দেয়। গত শুক্রবার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কাজ শুরু না করে দাবি পূরণে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে প্রায় তিন হাজার শ্রমিক একসঙ্গে কারখানা থেকে বের হয়ে যান।গতকাল শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর কর্তৃপক্ষ দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তখন কর্মকর্তারা নিজ নিজ কক্ষে চলে যান এবং শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন।শ্রমিকেরা অভিযোগ করেছেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা কারখানার ভেতর গিয়ে তাঁদের লাঠিপেটা করেন। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। একপর্যায়ে আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের ডিইপিজেড এলাকা থেকে বের করে দেয়।এ নিয়ে অ্যাকটর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গতকাল ওই কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে সাংবাদিকেরা ভেতরে ঢুকতে পারেননি।অ্যাকটরে শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আশরাফুল কবীর বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের’ কারণে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ করেছেন। ছুটি না দেওয়া ও অতিরিক্ত সময় কাজ করানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামও এই শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।