ডিইপিজেডের একটি কারখানা থেকে ৫১ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভেতরে অ্যালায়েন্স স্টিচেস লিমিটেড নামের একটি পোশাক কারখানা থেকে ৫১ লাখ টাকা চুরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই কারখানার ১২ জন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে।এদিকে কয়েকজন সাংবাদিক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কারখানায় গেলে কারখানা ও ডিইপিজেড কর্তৃপক্ষ কোনো তথ্য না দিয়ে তাঁদের এলাকা থেকে বের করে দেয়।তবে কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল শনিবার কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। এ জন্য কারখানা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার প্রাইম ব্যাংক সাভার গনকবাড়ি শাখা থেকে ৫০ লাখ টাকা তোলে। ওই টাকা কারখানার দ্বিতীয় তলার ক্যাশ শাখার ভল্টে রাখা হয়। শনিবার সকালে কর্মকর্তারা কারখানায় গিয়ে ভল্ট ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় ভল্টের ভেতরে রাখা টাকার কোনো হদিস পাননি তাঁরা। এ ঘটনায় পুলিশ কারখানার নিরাপত্তাকর্মী আকতারুজ্জামান (৪৫), হাফিজুর রহমান (৩৫), মান্নান মিয়া (২৮), রেজাউল করীম (৩৫), মোজাম্মেল হক (৩৫), ইউসুফ মিয়া (৫০), জালাল মিয়া (৩২), ইয়াকুব (২১), শরীফুল ইসলাম (২৫), শামসুর রহমান (৪০), আলমগীর (৩২) ও মোস্তফাকে (৩৫) গ্রেপ্তার করেছে।ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কয়েকজন সাংবাদিক ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। এরপর আর তিনি ফোন ধরেননি। এরপর সাংবাদিকেরা কারখানায় গিয়ে ব্যবস্থাপক (প্রশাসন) ফয়সাল আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি অপেক্ষা করতে বলেন। এর কয়েক মিনিট পর ডিইপিজেডের নিরাপত্তা কর্মকর্তা মো. নুরুজ্জামান ওই কারখানায় গিয়ে সাংবাদিকদের ডিইপিজেড এলাকা থেকে বের করে দেন।