ডিইপিজেডের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) হোপলোন প্যাকেজিং বিডি লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। সমাবেশ থেকে শ্রমিকেরা অভিযোগ করেন, গতকাল সকাল আটটার দিকে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ করার চেষ্টা করেন। কিন্তু কারখানার সামনে মোতায়েন করা বিপুলসংখ্যক পুলিশ তাঁদের ধাওয়া করে ডিইপিজেড এলাকা থেকে বের করে দেয়। তাঁরা অভিযোগ করেন, ন্যায্য দাবি মেনে না নিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে। আশুলিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, হোপলোন প্যাকেজিংয়ের ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আবদুল্লাহ আল আমিন বাদী হয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ এনে গত মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের চাকরিচ্যুত সভাপতি মহায়মেনুলসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেছেন, শ্রমিকেরা দুই দিন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে। তেমন কোনো ঝামেলা নেই। কারখানাটি খুব শিগগির খুলে দেওয়া হবে।