ডিইপিজেডের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়া থানার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বর্ধিত অংশের ভেতরে অবস্থিত সফটেক্স নামের একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে গত শনিবার দুপুর থেকে কারখানাটির দুই হাজারেরও বেশি শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। এ ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার রাতেই কর্তৃপক্ষ বৈঠক করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী রাতেই কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।পুলিশ জানায়, গতকাল রোববার সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করার চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা শ্রমিকদের ধাওয়া করে ডিইপিজেড এলাকা থেকে বের করে দেন। পরে শ্রমিকেরা চলে যান।শ্রমিকেরা অভিযোগ করেন, অন্যান্য কারখানার তুলনায় তাঁদের সোয়েটারপ্রতি পারিশ্রমিক কম দেওয়া হয়। তাঁরা বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে। এ কারণেই তাঁরা আন্দোলনের পথ বেছে নেন।তবে নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। নিয়ম অনুযায়ী তাঁদের সব সুযোগ-সুবিধাই দেওয়া হচ্ছিল। এর পরও শ্রমিকেরা অহেতুক আন্দোলন করেন। এ কারণেই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।