ডিইপিজেডের ছয়টি কারখানাকে পাঁচ কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পাশের বংশী নদীদূষণের দায়ে ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ছয়টি পোশাক কারখানাকে পাঁচ কোটি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বংশী নদীতে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার দায়ে ডিইপিজেডের জংশাইন টেক্সটাইল মিলস ও রিং সাইন টেক্সটাইল মিলসকে এক কোটি ৬০ লাখ টাকা করে, কুং কেং টেক্সটাইল (বিডি) কোম্পানিকে ৩৮ লাখ টাকা, গ্রামীণ নিটওয়্যারকে ২০ লাখ টাকা ও কুইন সাউথ টেক্সটাইল মিলসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলায় মেসার্স শাহ শাহ ডেনিমকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, ডিইপিজেডের ভেতরে অবস্থিত কারখানাগুলোর পরিবেশসম্মতভাবে পরিচালন ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব বেপজা কর্তৃপক্ষের। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে সে দায়িত্ব পালন করছে না।