ডিউক আবারও দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ার-পারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন গতকাল মঙ্গলবার ডিউককে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।১৮ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিউককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত ডিউকের উপস্থিতিতে গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।আদালতে ডিউকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তাঁর জামিনের আবেদন করে বলেন, এই মামলায় তাঁকে আগে চার দিনের রিমান্ডে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এ ছাড়া হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অথচ রিমান্ড চাওয়া হয়েছে গ্রেনেডের উৎস জানতে। এই হামলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তাই নতুন করে রিমান্ডে নেওয়ার যুক্তি নেই। তিনি রিমান্ডের আবেদন নাকচ করার আবেদন জানান।ডিউকের আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, আদালতে দেওয়া প্রতিবেদনের বাইরে সংবাদমাধ্যমে তারেক রহমান ও বিএনপির নেতা-কর্মীদের জড়িয়ে বিভিন্ন কথা বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা সুষ্ঠু তদন্তের অন্তরায়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ কামরুল হাসান খান আদালতে বলেন, তিনি আদালতে দেওয়া প্রতিবেদনের বাইরে ভবিষ্যতে সংবাদমাধ্যমে কোনো বক্তব্য দেবেন না।গতকাল আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে প্রকাশ পায়, গ্রেপ্তার হওয়া আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ গ্রেনেড হামলার ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের সঙ্গে ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আসামি তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যাওয়ার ব্যাপারে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। জিজ্ঞাসাবাদে ডিউক পলাতক তাজউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে তথ্য দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডিউকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১—২০০৬) তাঁর একান্ত সচিব-২ ছিলেন ডিউক।