২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে অব্যাহতি চেয়ে খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।গতকাল সোমবার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি হয়েছে। বিচারক শাহেদ নুর উদ্দিন ২৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।এ নিয়ে দুই আসামির শুনানি শেষ হলো। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরীর অব্যাহতি আবেদনের ওপর শুনানি হয়। সাইফুল ইসলাম ডিউকের পক্ষে শুনানিকালে তাঁর আইনজীবী রেজ্জাক খান আদালতকে বলেন, মামলার প্রথম অভিযোগপত্রে ডিউকের নাম ছিল না। তাঁকে অধিকতর তদন্তে জড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে এ মামলার অন্যতম আসামি মাওলানা তাজ উদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।রেজ্জাক খান আরও বলেন, ডিউকের নাম বলেছেন শুধু সাক্ষী মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি। ওই সাক্ষ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় না।গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহযোগিতা করেন আবদুল্লাহ আবু, আকরাম উদ্দিন প্রমুখ আইনজীবী।গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া আরেক আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু তাঁর ব্যাংক হিসাব থেকে দেড় লাখ টাকা উত্তোলনের আবেদন করেন। তবে এ বিষয়ে কোনো আদেশ হয়নি।এই মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে গত ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর। গতকাল পর্যন্ত লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির, হাফেজ ইয়াহিয়াসহ মোট ১৪ জন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।