২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের জামিন বহাল রয়েছে। তাঁকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে ডিউকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবদুর রেজাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে আদালত আপিল খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের জামিনের আদেশ বহাল থাকল। ডিউকের কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানান তিনি।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল না চালানোর কথা বলেছি। না চালোনোর কারণে আদালত আপিলটি খারিজ করে দিয়েছেন। আপিল না চালানোর কারণ প্রশ্নে মাহবুবে আলম বলেন, যখন আপিল করা হয়, তখন অভিযোগপত্রে যেসব ধারা ছিল তা জামিন অযোগ্য। ইতিমধ্যে নিম্ন আদালত যেসব ধারায় অভিযোগ গঠন করেছেন তা জামিনযোগ্য। আদালত সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১০ সালের ২৬ আগস্ট ডিউক গ্রেপ্তার হন। ২০১১ সালের ৪ মে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে ওই বছরের ১১ মে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত জামিনের আদেশ স্থগিত করেন। ২১ জুলাই শুনানির জন্য আপিল গ্রহণ করা হয়। পরে নিয়মিত আপিল করা হয়। এর ওপর শুনানি হয়। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সময় ডিউক তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সহকারী ছিলেন।