২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাইফুল ইসলাম ডিউকের জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ প্রস্তুত করতে বলা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডিউকের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জামিন মঞ্জুরের আদেশ স্থগিত হওয়ায় ডিউকের কারামুক্তির সুযোগ নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ মে এই মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডিউকের জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৮ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতির ওই জামিনের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। নিয়মিত বেঞ্চ কয়েক দফা জামিন স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেন। গতকাল উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।