ডিএইচএলের প্যাকেট থেকে এক কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিক পণ্য ডিভিডি প্লেয়ার ও মোবাইল চার্জারের ভেতর লুকানো অবস্থায় আজ বুধবার এক কেজি ৩৫০ গ্রাম সোনা আটক করা হয়। ছবি: প্রথম আলো
ইলেকট্রনিক পণ্য ডিভিডি প্লেয়ার ও মোবাইল চার্জারের ভেতর লুকানো অবস্থায় আজ বুধবার এক কেজি ৩৫০ গ্রাম সোনা আটক করা হয়। ছবি: প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস ডিএইচএলের প্যাকেটের ভেতর লুকানো এক কেজি ৩৫০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের কার্গো গুদামের ভেতর থেকে এসব সোনা আটক করা হয়। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক সোনার বাজারমূল্য ৭০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, ইলেকট্রনিক পণ্য ডিভিডি প্লেয়ার ও মোবাইল চার্জারের ভেতর সোনাগুলো লুকানো ছিল। এখানে রাখা ছিল সোনার ১২টি বার ও ২৭টি চেইন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আরও জানান, প্যাকেটটি সিঙ্গাপুর থেকে বাবু নামের একজন পাঠিয়েছেন। এই প্যাকেটের প্রাপক হিসেবে বায়তুল মোকাররম নিউ সুপার মার্কেটের নিউ খান ইলেকট্রনিকসের নাম উল্লেখ ছিল। প্যাকেটটি গতকাল ঢাকায় পৌঁছায়। আজ স্ক্যান করার সময় ধরা পড়ে প্যাকেটের ভেতর সোনা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য প্রথম আলোর পক্ষ থেকে প্রথমে কারওয়ান বাজারে ডিএইচএলের কার্যালয়ে যোগাযোগ করা হয়। তখন এখান থেকে গুলশানে ডিএইচএলের প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কিরণময় বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তবে তাঁকে ফোন করে পাওয়া যায়নি।